ক্লিনোড্যাকটাইলি হলো আঙুলের একটি সাধারণ জন্মগত বিকৃতি যেখানে আঙুলটি তার স্বাভাবিক সোজা অবস্থানের পরিবর্তে পাশের দিকে বেঁকে থাকে। এটি সাধারণত কনিষ্ঠ আঙুলের মধ্যবর্তী হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ঘটে, যার ফলে আঙুলটি অনামিকা আঙুলের দিকে ঝুঁকে থাকে।
লক্ষণ ও প্রভাব
প্রধান লক্ষণের মধ্যে রয়েছে আঙুলের অস্বাভাবিক বাঁক, যা সাধারণত জন্মের সময় থেকেই থাকে কিন্তু শিশু বড় হওয়ার সাথে সাথে বেশি স্পষ্ট হয়। অধিকাংশ ক্ষেত্রে এটি কেবল কনিষ্ঠ আঙুলেই দেখা যায় এবং এতে কোনো ব্যথা থাকে না। হালকা বাঁক থাকলে আঙুলের কাজে কোনো সমস্যা হয় না, তবে যদি বাঁক ৩০ ডিগ্রির বেশি হয় তবে অন্য আঙুলের মুভমেন্টে বাধা সৃষ্টি করতে পারে।
চিকিৎসা পদ্ধতি
হালকা ক্লিনোড্যাকটাইলি যেখানে আঙুলের কাজে কোনো সমস্যা হয় না, সেখানে সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে যদি আঙুলের বাঁক অনেক বেশি হয় এবং কোনো কিছু ধরতে বা লিখতে অসুবিধা হয়, তবে বিশেষজ্ঞ হ্যান্ড সার্জন অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের (Osteotomy) মাধ্যমে আঙুলের হাড়ের গঠন ঠিক করে তা সোজা করা হয়। এটি আঙুলের কার্যক্ষমতা এবং সৌন্দর্য উভয়ই ফিরিয়ে আনতে সাহায্য করে।
